ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে দুই ইউনিয়নের মানুষের চলাচল, দুর্ঘটনার আশঙ্কা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে দীর্ঘদিন ধরে দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করছে। সঙ্গে রয়েছে ৩টি ইটভাটা। এসব ভাটার ইটের গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে মেয়াদোত্তীর্ণ হওয়া ব্রিজ দিয়ে পারাপারে ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গেগড়া এলাকায় সতী নদীর ওপর দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে একটি ব্রিজ। সঙ্গে রেলিংগুলো নড়বড়ে ও ভাঙা অবস্থায় আছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মেয়াদোত্তীর্ণ এই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে হাজার হাজার মানুষ। স্থানীয়রা পণ্য আনা নেওয়া ও শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার সময় দুশ্চিন্তা থাকে। কখন যেন ব্রিজ ভেঙে পড়ে।

স্থানীয় মনিজা বেগম বলেন, আমরা দীর্ঘ ৫ বছর থেকে এই জরাজীর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছি। ব্রিজের কাজের কোনো পদক্ষেপ নেই। আমাদের সন্তানরা এই ব্রিজ দিয়ে ঝুঁকির মধ্যে স্কুল যাচ্ছে। আমরা দুশ্চিন্তায় রয়েছি।

মোখছেদ আলী বলেন, এই ব্রিজের ওপর দিয়ে আমরা চাষাবাদ করা ফসল নিয়ে যাই। কখন বা ভেঙে পড়ে এ নিয়ে চরম বিপাকে রয়েছি। ফসল পরিবহনের ক্ষেত্রে দুর্ভোগে পড়তে হয়। গাড়ি যেতে চায় না এই ব্রিজ দিয়ে।

ইউপি সদস্য ইমান আলী জাদু বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটির রেলিং ভাঙা থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন ইউনিয়নের মানুষের। ব্রিজটি সংস্কার করলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ওই পুরাতন ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ সরেজমিনে পরিদর্শন করেছি। ইউনিয়ন চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পে ডিপিপিভুক্ত করার জন্য নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top