শৈলকুপায় জমি–বিরোধে শ্যালক নিহত, দুলাভাইসহ আটক ২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কেসমত আলী (৫৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

ঘটনার পর প্রাইভেটকারে পালিয়ে যাওয়ার সময় শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ।

গ্রামবাসী সূত্রে জানা যায়, কেসমত আলীর সঙ্গে তার ছোট বোনের স্বামী নবিছদ্দির কয়েক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন জানান, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ বা স্ট্রোক উভয় সম্ভাবনাই রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top