রমজানের আগেই ফেনীতে বেড়েছে সবজিসহ মুরগির দাম

পবিত্র রমজান মাস শুরুর আগেই ফেনীতে পেঁয়াজ, সবজিসহ সব ধরনের মুরগি, মাংস ও দেশি মাছের দাম বেড়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহরের বড় বাজার, সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র উঠে এসেছে।

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের ২০-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে। বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগে প্রতি কেজি মাংস হাড়সহ বিক্রি হয়েছে ৭৫০ টাকা করে।

ইদ্রিস নামে এক মাংস ব্যবসায়ী জানান, সাময়িকভাবে দাম বাড়লেও, কিছুদিন পর আবার দাম কমে যাবে।

ব্রয়লার মুরগির প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে বেড়েছে সোনালি জাতের মুরগির দামও। এ জাতের মুরগি কিনতে ক্রেতাকে কেজিতে গুনতে হচ্ছে ৩১০ টাকা। লেয়ার (লাল) মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।

মুরগি বিক্রেতা মমিন জানান, প্রতি বছর রমজানে মুরগির চাহিদা বাড়ে এবং সে অনুযায়ী দামও বাড়ে। তিনি বলেন, এ বছরও এর ব্যতিক্রম হয়নি।

অন্যদিকে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা, লেবুর হালি ৬০-৮০ টাকা, কাঁচামরিচ ১৬০- ২০০ টাকা, বেগুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জিয়া উদ্দিন নামে এক ক্রেতা জানান, ৫০ টাকার বেগুন বিক্রি হচ্ছে কেজি ৮০ টাকা করে। ক্রেতাদের অভিযোগ, রমজান শুরু হলেও এখন পর্যন্ত প্রশাসন বাজার মনিটরিং শুরু করে নাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top