মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রণি-পেশার লোকজন।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও পুলিশ সুপার সারওয়ার আলম। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, শহিদ পরিবারের সদস্যরা, জেলা শিক্ষা প্রকৌশলী, জেলা কারাগার, মানিকগঞ্জ প্রেসক্লাব, সদর উপজেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর, জেলা পরিষদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরসহ বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।




