মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমি মন্ত্রিত্ব হওয়ার জন্য রাজনীতি করি নাই। কেউ আমাকে সান্ত্বনা দিতে আসবেন না। যদি আমাকে সান্ত্বনা দিতে আসেন, তাহলে আমি মনে করবো আমাকে অপমাণ করছেন। আমি মন্ত্রিত্ব হওয়ার জন্য ভোট করি নাই, আমি জনগণের প্রতিনিধি হওয়ার জন্য ভোট করেছি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের মির্জাপুরে নিজ বাড়িতে দক্ষিণ শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রশাসনে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। আমার কোনো দলীয় নেতা বা কর্মীকে খুশি করতে প্রশাসন যদি আইনের বাইরে চলে, তাহলে আমি সংসদে তার বিরুদ্ধে কথা বলবো। মন্ত্রী বা সংসদ সদস্যকে খুশি করা প্রশাসনের দায়িত্ব নয়। হাসিনা দীর্ঘ ১৭ বছর প্রশাসনকে দলীয়করণ করেছেন। আমরা এর পুনরাবৃত্তি দেখতে চাই না।

নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সময় সাধারণ মানুষকে প্রশাসন দিয়ে হয়রানি করেছে। বিএনপির থানার কমিটির অনুমতি ছাড়া কেউ থানায় কোন কাজে যেতে পারবে না।

সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top