বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
অমর একুশের এ আয়োজনে শনিবার সকালে প্রভাতফেরি ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রভাতফেরি শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের যে চেতনা আমাদের স্বাধিকারের স্বপ্ন দেখিয়েছিল, তার ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ‘৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৭১ ও ’২৪—প্রতিটি সংগ্রামই বাঙালির আত্মপরিচয় ও অধিকার রক্ষার দীর্ঘ লড়াইয়ের অবিচ্ছেদ্য অংশ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনাকে কেবল আবেগ দিয়ে নয়, বরং আধুনিক প্রযুক্তিতে বাংলা ভাষার প্রয়োগ ঘটিয়ে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে হবে। বিইউবিটি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’



