ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। এ লক্ষ্যে তিনি ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। বিবৃতিতে তিনি জানান, বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে তাসনিম জারা বলেন,
“আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ ও দেশের সেবা করার। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন,
“আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম—আপনাদের জন্য এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে অংশগ্রহণ করবো।”
দলীয় প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর বাস্তবতা তুলে ধরে তাসনিম জারা বলেন,
“একটি দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মীবাহিনী এবং সরকার ও প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ থাকে। কিন্তু আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই এসব সুবিধা আমার থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন,
“আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর আস্থা রেখে যদি আপনারা স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।”
এদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ঢাকা-৯ আসনে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থন (স্বাক্ষর) প্রয়োজন হবে তাসনিম জারার। তিনি জানান, রোববার (২৮ ডিসেম্বর) থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করবেন। এ জন্য এলাকার ভোটারদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে এনসিপি জামায়াতের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে দলটির ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে দলটির ঘোষিত কয়েকজন নারী প্রার্থী এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। তাসনিম জারা তাদের মধ্যে অন্যতম বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় তিনি দলীয় প্রতীক ‘শাপলা কলি’ বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
বিশ্লেষকদের মতে, ঢাকা-৯ আসনে তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে।





নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা
তাসনিম জারা মাথা নোয়াবার নয়।