মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। সর্বত্র বাংলা ভাষা চালুর দাবিতে দিনটির প্রথম প্রহর থেকেই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাত ১২টা ১ মিনিটে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। প্রথমে শ্রদ্ধা জানান গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
এরপর জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত বিভাগ, এলজিইডিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার প্রাঙ্গণে শিশু, নারী ও পুরুষসহ সর্বস্তরের মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এ সময় ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানানো হয়।
ভোর থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে ফুল ও মালা নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের পাদদেশ।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একুশের চেতনা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।




