অস্তিত্ব সংকটে গারোদের মাতৃভাষা ‘আচিক’

টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ী অঞ্চলের বাসিন্দা ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের মাতৃভাষা ‘আচিক’ অস্তিত্ব সংকটে পড়েছে। গারো ভাষার ব্যবহার না থাকায়, পৃষ্ঠপোষকতার অভাব, মাতৃভাষার চর্চা না করা, আর সংখ্যাগুরু ভাষার প্রভাবের কারণেই দিন দিন এই ভাষাটি হারিয়ে যাচ্ছে। ইউনেস্কোর হিসেবে পৃথিবীতে ভাষা রয়েছে ৬ হাজার ৭০০টি। এর মধ্যে চিরতরে হারিয়ে গেছে ২২৯টি। ২ হাজার ৫৮০টি ভাষা বিলুপ্তির পথে। এর অধিকাংশই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ভাষা। গারোদের ভাষা ‘আচিক’ একই পথের পথিক হয়ে গেছে।

জানা যায়, বেসরকারি সংগঠন সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন পরিচালিত জরিপে দেখা গেছে, মধুপুরের ৪৪টি গ্রামে ৪৭ হাজার ৭২৬ জন বাসিন্দার মধ্যে ১৭ হাজারের অধিক গারো সম্প্রদায়ের লোকজন বাস করেন। এ হিসেবে ৬৪ দশমিক ৬১ শতাংশই বাঙালি। গারোদের সংখ্যা ৩৫ দশমিক ৩৯ ভাগ। আচিক ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মধুপুর বনাঞ্চলে ২০০৮ সালে ১২টি আদিবাসী প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছিল। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে দাতা সংস্থার সহযোগিতায় বিদ্যালয়গুলো চালু করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন উপদেষ্টা সি এস করিম বেরীবাইদ ইউনিয়নের আদিবাসী প্রাক প্রাথমিক বিদ্যালয়টি উদ্বোধন করেছিলেন। জিও-এনজিওর সহযোগিতা না থাকায় বিদ্যালয়গুলো টিকিয়ে রাখতে পারেনি সংশ্লিষ্টরা।

গারোদের বর্ণমালার নাম ‘থকবিরিম’। ‘থকবিরিম’ অস্তিত্ব সংকটের বর্ণনা করেছেন গবেষক বাধন আরেং। তাঁর বর্ণনায় ‘হাজার বছর আগে আরুরংদি নামের একটি পাহাড়ি নদীর তীরবর্তী বিস্তীর্ণ তিব্বতগিরি এলাকায় গারো জনগোষ্ঠীর একটি অংশ বাস করত। সে সময় শক্তিশালী বিশাল এক বহিরাগত শত্রুর দ্বারা গারোরা আক্রান্ত হয়। ভয়াবহ যুদ্ধে পশুর চামড়ায় গারো ভাষার বর্ণমালা, তাদের ইতিহাস, আইন, সামাজিক বিধিবিধান ও সাহিত্যের অনেক মূল্যবান দলিল ধ্বংস হয়ে যায়। আর একটি পৌরাণিক গল্প অনুযায়ী কলাপাতায় লেখা গারো ভাষার ‘থকবিরিম’ বা বর্ণমালা একদিন একটি গরু খেয়ে ফেলে।’ এ জন্য আচিক ভাষা প্রথম দিকেই হোঁচট খায়।

মধুপুর জয়েনশাহী আদিবাসী সমিতির উপদেষ্টা অজয় এ মৃ জানান, আচিক ভাষার লিখিত কোনো বর্ণমালা নেই। কথিত আছে, দুর্ভিক্ষপীড়িত তিব্বত অঞ্চল ত্যাগ করে গারোরা যখন ভারতীয় উপমহাদেশে আসছিলেন, তখন যাঁর কাছে পশুর চামড়ায় লিখিত আচিক ভাষার পুঁথি-পুস্তকাদি ছিল, সেই ব্যক্তি পথে ক্ষুধার জ্বালায় সব পুঁথি-পুস্তক সেদ্ধ করে খেয়ে ফেলেন। তিনি সম্পূর্ণ ব্যাপারটি গোপন রাখেন। এ উপমহাদেশে আগমন ও বসতি স্থাপনের দীর্ঘদিন পরে ঘটনাটি প্রকাশ পায়। কিন্তু তত দিনে গারো বর্ণমালা বিস্মৃতির অতল গর্ভে হারিয়ে যায়। কারণ, এ উপমহাদেশে প্রবেশের পর নিজেদের অস্তিত্ব রক্ষা এবং স্থায়ী বাসযোগ্য স্থান নির্বাচনের জন্য দীর্ঘদিন প্রতিকূল অবস্থার মধ্যে যুদ্ধবিগ্রহ করে অভিজ্ঞ গারোরা প্রাণ হারান। ফলে আচিক ভাষার বর্ণমালা চিরতরে হারিয়ে যায়। তবে গারোদের মুখে মুখে আচিক ভাষার প্রচলন ছিল।

মধুপুরের গারো ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, একটা সময় ছিল, যখন এ অঞ্চলের গারোরা আচিক ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না বা ব্যবহার করতেন না। কিন্তু জীবন-জীবিকার তাগিদে অথবা লেখাপড়া করতে বনের সন্তান গারোরা এসেছেন তাঁদের আশপাশে বাঙালিপ্রধান এলাকায়। বাঙালিরা গিয়ে বসতি স্থাপন করেছেন আদিবাসী এলাকায়। এভাবে একসময় নিজ এলাকাতেই আদিবাসী গারোরা সংখ্যালঘু হয়ে পড়েছেন। গারো শিক্ষার্থীদের স্কুলে লেখাপড়া বাংলা মাধ্যমেই করতে হয়। কর্মজীবনে অফিস-আদালতসহ সব কাজেই তাঁদের বাংলা ব্যবহার করতে হয়। এ কারণে তাঁদের মাতৃভাষার চর্চা কমে যায়।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকেরক বলেন, মধুপুরের শালবনে আগে শুধুমাত্র গারোরাই বাস করত। তাঁরা তাদের মাতৃভাষা ‘আচিক’ ভাষায় কথা বলত। অন্য ভাষার প্রয়োজন হতো না। বর্তমানে বাংলা ভাষা চর্চা হচ্ছে। বাংলা ভাষার মাধ্যমে পাঠ্যবই পড়ছে। আবার উচ্চশিক্ষায় আগ্রহীরা ইংরেজির দিকে ঝুঁকে পড়ছেন। এতে করে পারিবারিকভাবেও আচিক ভাষা অস্তিত্ব সংকটে পড়ছে। সংখ্যাধিক্যের ভাষা হিসেবে বাংলা ও প্রয়োজনের তাগিদে ইংরেজির দিকে নতুন প্রজন্মের আগ্রহ বেশি। আদিবাসী প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলো দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হওয়ার পরও টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু ধরে রাখতে পারিনি।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ বলেন, গারোদের মাতৃভাষা টিকিয়ে রাখার জন্য সরকার দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বই সরবরাহ ও পাঠদান চালু রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top