ক্রেতা সেজে বাজারে ম্যাজিস্ট্রেট, পরিচয় প্রকাশ করে জরিমানা

ক্রেতা সেজে ছদ্মবেশে বাজারে ঢুকে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট। পরে পরিচয় প্রকাশ করেই চালালেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান—জরিমানা করলেন ৭ দোকানকে।

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকালে মাদারীপুরের শিবচর পৌর বাজারে এমন ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

সকাল ১০টার দিকে তিনি বোরকা পরে সাধারণ ক্রেতা সেজে বাজারের মাছ, মাংস, ফল ও মুদি দোকানগুলো ঘুরে দেখেন। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রির মতো অনিয়ম তার নজরে আসে।

পরে ছদ্মবেশ ত্যাগ করে পরিচয় প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিই। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রমজান উপলক্ষে বাজার তদারকি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top