কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটাকে জরিমানা

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নাগেশ্বরী উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে সন্তোষপুর ইউনিয়নের মেসার্স এফএমভি ব্রিকসের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহের অপরাধে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ ছাড়া হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল খায়ের সুমি। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষিজমি রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top