ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলায় দুই দিনব্যাপী ফান্দাউকের সভা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
রবিবার ফজর নামাজের পর আখেরী মোনাজাত পরিচালনা করেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন মাওলানা সৈয়দ ছালেহ আহমদ মামুন আল হোসাইন। আখেরী মোনাজাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইমান-ইসলাম রক্ষায় এবং মুসলিম উম্মার ঐক্য কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এর আগে গত শুক্রবার বাদ জুমা পবিত্র ফাতেহা শরীফ পাঠ করার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। মাহফিলে সভাপতিত্ব করেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমদ মামুন আল হোসাইনী। দুইদিন ব্যাপী মাহফিলের তত্ত্বাবধানে ছিলেন দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল-হোসাইনী, পীরজাদা মাওলানা সৈয়দ আবুবক্কর সিদ্দিকী আল-হোসাইনী, পীরজাদা মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী।
মাওলানা সৈয়দ আশরাফ শামীম আল-হোসাইনীর সঞ্চালনায় দুইদিন ব্যাপী মাহফিলে কোরআন ও হাদিস থেকে শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে এবং সঠিক জীবন বিধান নিয়ে বক্তব্য রাখেন হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী আল কাদরী ঢাকা, আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী, মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সৈয়দ হাসান আজহারী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সরকার কাফিল উদ্দিন সালেহী, মুফতি আলাউদ্দিন জিহাদি, পীরজাদা মাওলানা সৈয়দ জাকারিয়া আহমদ আল-হোসাইনী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুফতি মাওলানা মুফতি ওসমান গনি ছালেহী, মাওলানা হুমায়ুন কবির মাছুমীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও পীর সাহেবগণ।
উল্লেখ্য, মাহফিলে দরবার শরীফের আওতায় প্রতিবছরের ন্যায় এবারো ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়।




