নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার প্রথম প্রহরে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এসময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সূচনা। ভাষা শহীদদের আত্মত্যাগের পথ ধরেই স্বাধীনতার আন্দোলনের সূচনা হয়। একুশের চেতনা আমাদের গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচারের পথে চলতে অনুপ্রেরণা জোগায়। 
শ্রদ্ধা নিবেদনে পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, উদীচি, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট, তরী বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল থেকে দিনব্যাপী জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top