সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিলেটে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬।
মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যাঁরা অকাতরে বিলিয়ে দিয়েছিলেন প্রাণ সেসব সাহসী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে নামে মানুষের ঢল। প্রথম প্রহরেই মানুষের পুষ্পশ্রদ্ধায় শহীদ মিনারের বেদীমূল ঢেকে যায় ফুলে ফুলে।
রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, পুলিশ সুপার, জেলা প্রশাসক, সিটি করপোরেশন, জেলা ও মহানগর বিএনপি, জাসদ, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে সকাল ৮টায় প্রভাতফেরি আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম থেকে প্রভাতফেরি এসে মিলিত হয় কেন্দ্রীয় শহিদ মিনারে।




