যে কারণে কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে নেই মুস্তাফিজুর রহমান

কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর এই চুক্তিতে জায়গা পেয়েছেন ২৮ ক্রিকেটার। প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি ‘এ’ নয়, রয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে।

এবার কোনো ক্রিকেটারকে রাখা হয়নি ‘এ প্লাস’ গ্রেডে। চারটি গ্রেডে ভাগ করা তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ (বেতন ৮ লাখ টাকা)। প্রশ্ন উঠছে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফর্ম করা মুস্তাফিজ কেন ‘এ’ গ্রেডে নেই?

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালে টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজ দারুণ ছন্দে থাকলেও ওয়ানডেতে তার পরিসংখ্যান সন্তোষজনক নয়। গত বছরে ৮ ওয়ানডে ইনিংসে ৫.১৫ ইকোনমিতে মাত্র ৫ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ২০ টি-টোয়েন্টিতে ৬.০৯ ইকোনমিতে শিকার ২৬ উইকেট।

বোর্ডের এক কর্মকর্তা আরও জানান, কেন্দ্রীয় চুক্তি নির্ধারণে টেস্ট ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। ‘এ’ ক্যাটাগরিতে থাকা প্রায় সবাই নিয়মিত টেস্ট খেলেন। মুস্তাফিজ টেস্ট ফরম্যাটে খেলেন না এই বিষয়টিও বিবেচনায় এসেছে বলে জানা গেছে।

গ্রেডভিত্তিক তালিকা

‘এ’ (৮ লাখ টাকা): নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ
‘বি’ (৬ লাখ টাকা): মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমানসহ আরও ৭ জন
‘সি’ (৪ লাখ টাকা): সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলামসহ ৩ জন
‘ডি’ (২ লাখ টাকা): পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসানসহ ৪ জন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top