নেশাগ্রস্ত দুই ছেলের অত্যাচারে সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যাংককর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার সকালে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়ায় ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা।
স্থানীয়রা জানান, সকালে ওই সাবেক কৃষি ব্যাংক কর্মচারীর মরদেহ একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে তিনি গাছে উঠে রশি দিয়ে গলায় ফাঁস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির বাবু দুই বছর আগে কৃষি ব্যাংক থেকে অবসর গ্রহণ করেন। তবে তিনি চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে স্থানীয় একটি কৃষি ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। তিন সন্তানের মধ্যে তাঁর দুই ছেলে নেশাগ্রস্ত বলে জানা গেছে। টাকা-পয়সার জন্য ছেলেরা প্রায়ই তাঁর সঙ্গে ঝগড়া-বিবাদ করত। ছেলেদের কারণে তিনি ইতোমধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েন।
স্থানীয়দের ধারণা, একদিকে নেশাগ্রস্ত ছেলেদের দুর্ব্যবহার এবং অন্যদিকে ঋণের চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
ওসি সোহেল রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




