৭ দিনের মধ্যে নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগের আল্টিমেটাম

আগামী সাত দিনের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির ১৭ মাসের শ্বেতপত্র তুলে ধরেন সংগঠনের নেতারা এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনের নেতারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে পরিবারের মতো চালাচ্ছে। যোগ্যদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় জামায়তপন্থী ৩১ জন শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছে। এ সময় কোন সংখ্যালঘুদের নিয়োগ দেয়া হয়নি এবং মাত্র তিন জন নারী শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ৫ লাখ ৩১ হাজার টাকার চেক জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করেছে।

এছাড়া সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ভিন্নমতাবলম্বী শিক্ষকদের পদ্ধতিগতভাবে হয়রানি করা হচ্ছে। তারা আরও জানান, আগামী সাত দিনের মধ্যে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, সাংগঠনিক সম্পাদক ড. মাসুদ কাইয়ুমসহ আরও অনেকে এসময় আরও উপস্থিত ছিলেন।

তবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল সংবাদ সম্মেলনে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারাও পরিচালক ছিল। আলোচনা করে এবং তাদের সিদ্ধান্ত মতে সব কিছু হয়েছে। এখন তারা ষড়যন্ত্র করছে। সবকিছু নিয়ম অনুযায়ী হয়েছে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top