হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’, ইউনূসকে ফোন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখে এসে বুধবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অব্স্থার সবশেষ অবস্থা সম্পর্কে তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত পৌনে ৯টার দিকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। নির্বাচনি প্রচারে গিয়ে আক্রান্ত হওয়া হাদি গত সোমবার থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top