সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত, ৩ জনকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুই নেতার পদ স্থগিত এবং তিন জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা আলাদা পাঁচটি চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে বেলকুচি পৌর শাখা জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডলের পদ স্থগিত করা হয়েছে।

এ ছাড়া সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনে ভোটের পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং সদর থানা রোডের বিএনপিকর্মী আরজু আহমেদকে শোকজ করা হয়েছে।অভিযুক্ত পাঁচ জনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তা না হলে তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top