সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এমপি বাবুল: কোনো কাজে দীর্ঘসূত্রিতা নয়

ফরিদপুর–৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, কোনো কাজে যেন দীর্ঘসূত্রিতা না থাকে।

সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বাবুল বলেন, ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যেই মানুষ জীবন দিয়েছে। দীর্ঘ সময় অন্যায়ভাবে জেল-জুলুমের শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, পরিবর্তন মানে মানুষের নাগরিক অধিকার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং সমাজের বৈষম্য দূর করা।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আর ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ রেখে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে না। ফ্যামিলি কার্ড তৈরির কাজও চলছে বলে জানান তিনি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ অন্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top