রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

এ সময় উপাচার্য বলেন, বাঙালি জাতির গৌরবের এক অনন্য দৃষ্টান্ত ভাষা শহীদরা। বাঙালির জাতীয়তাবোধের ধারকবাহক তারা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এছাড়া সকাল ৮টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুলসমূহ প্রভাতফেরিসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় কোরআনখানি ও মোনাজাত।

দিবসের কর্মসূচিতে আরও ছিল রাবি স্কুল ও মডেল স্কুলে রচনা প্রতিযোগিতা; রাকসু, রাবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা ও সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা। এই দিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা রাখা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top