চট্টগ্রামের রাউজান উপজেলার হালদা নদী থেকে নিখোঁজের তিন দিন পর মো. সাব্বির (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সাব্বির রাউজানের উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলায় একটি ওরসের মেলা থেকে নৌকায় করে ফেরার সময় সাব্বির ও তাঁর বন্ধুদের ওপর হামলার ঘটনা ঘটে। হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় এ হামলা হয়। হামলার সময় সাব্বির হালদা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, ওরসের মেলায় দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মধ্যরাতে একদল যুবক নৌকায় করে রাউজানের দিকে ফিরছিলেন। এ সময় অন্য দলটি নৌকায় উঠে হামলা চালায়। হামলার একপর্যায়ে তিনজন নদীতে পড়ে যান। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির নিখোঁজ হন। সঙ্গে থাকা যুবকদের দাবি, হামলার সময় সাব্বিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল।
হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী বলেন, ওরসের মেলায় দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এতে সাব্বির নদীতে পড়ে যান। গতকাল সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।




