পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজির দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ সময় তিনি বিভিন্ন দোকান ঘুরে নিত্যপণ্যের মূল্যতালিকা যাচাই এবং বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন। লেবুসহ কয়েকটি পণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জেলা প্রশাসক বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ায়, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এ সময় সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পায় উল্লেখ করে তিনি জানান, দ্রব্যমূল্য যাতে ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং অতিরিক্ত দামে বিক্রির সুযোগ না থাকে, সে লক্ষ্যে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মনিটরিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।




