মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে চারজনকে ২১ দিন করে বিনা শ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাড়ি। এ সময় তার সঙ্গে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
অভিযানকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটির উপরিস্তর কেটে পরিবহন করার সময় চারজনকে আটক করা হয়। আটকরা হলেন- জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) ও কোরবান আলী (৩৮)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় ২১ দিনের বিনা শ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাড়ি বলেন, অননুমোদিতভাবে ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন এবং এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।




