মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অঙ্গীকার, জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে মুন্সীগঞ্জ-১ আসনে নেতাকর্মীদের শপথ করালেন এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে এক যৌথ মতবিনিময় ও আলোচনা সভায় এ শপথ অনুষ্ঠিত হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন তার বাংলো বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের হাত তুলে শপথ পাঠ করান। শপথে নেতাকর্মীরা অঙ্গীকার করেন, মুন্সীগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণের জানমাল নিরাপদ রাখবেন, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে দেবেন না এবং জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন। তারা আরও প্রতিশ্রুতি দেন, দলীয় ম্যান্ডেট ব্যবহার করে কোনো অন্যায় বা ক্ষতিকর কর্মকাণ্ডে জড়াবেন না এবং সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।
সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।




