কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরা না পেয়ে বিষয়টি টের পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সূত্র জানায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়। সকালে স্কুল খুললে বিষয়টি নজরে আসে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ৮টার দিকে নাগরিক টেলিভিশনকে জানান, সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চুরির বিষয়টি অবহিত করে।
তিনি বলেন, বুধবার সকালে একই স্থানে নতুন করে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি করেছেন। এখন পর্যন্ত ক্যামেরা দুটি উদ্ধার করা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।
ভেড়ামারা ও মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া ২ আসনে মিরপুর উপজেলায় রয়েছে মোট ১১৪টি ভোটকেন্দ্র। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।




