ব্রাহ্মণবাড়িয়ায় ৩’শ বছরের প্রাচীন মন্দির শ্রী শ্রী কালভৈরব মন্দিরে ছয় দিনব্যাপী সপ্তশতী বার্ষিক পূজা হোমযজ্ঞ ও মহোৎসব শুরু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে জেলা শহরের মেড্ডা এলাকায় কালভৈরব মন্দিরে আনুষ্ঠানিকভাবে বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে ছয় দিনব্যাপী পূজা হোমযজ্ঞ ও মহোৎসবের উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য।
এসময় বিভিন্ন স্থান থেকে আগত পুরোহিত পন্ডিতগনসহ স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সাড়ে ১১টায় জীব জগতের কল্যাণ কামনায় সপ্তশতী মহাযজ্ঞ শুরু হয়। যজ্ঞ অনুষ্ঠানে দেশ বিদেশের ভক্তবৃন্দরা যজ্ঞের আহুতি হিসেবে ফল, ফুল, দূর্বা, বেলপাতাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে অংশগ্রহন করেন।
এসময় যজ্ঞ অনুষ্ঠানের প্রধান পুরোহিত মধুসুধন চক্রবর্তী এবং মন্দির কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য, আজ থেকে ৩’শ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া গ্রামের দূর্গাচরণ আচার্য্য স্বপ্নাদিষ্ট হয়ে শহরের মেড্ডা এলাকায় তিতাস নদীর তীরে শ্রী শ্রী কালভৈরব মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর থেকে জীব জগতের কল্যাণ কামনায় প্রতিবছর এই যজ্ঞ অনুষ্ঠান হয়ে আসছে। মাঝখানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী মন্দিরটিকে ডিনামাইটের মাধ্যমে ক্ষতি সাধন করেছিলেন, পরে ড. মহানামব্রত ব্রহ্মচারীর প্রচেষ্টায় ভক্তরা মন্দিরটিকে পুনঃপ্রতিষ্ঠা করেন।
আয়োজকেরা জানান, প্রতিবছর এই অনুষ্ঠানে সকলের মঙ্গল কামনায় বিভিন্ন স্হান থেকে এসে ভক্তরা সমবেত হন। ছয় দিনব্যাপী বার্ষিক এই উৎসবে প্রতিদিন শ্রীমৎভগবৎ গীতাপাঠসহ ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার থেকে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকির্ত্তন শুরু হবে। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে বসেছে লৌকজ মেলা।




