ফরিদপুরে ভোট নিয়ে তর্কে বিএনপি সমর্থকদের ওপর হামলা, আহত ১২

ফরিদপুরের সালথা উপজেলায় মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে বিএনপির অন্তত ১২ জন সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমআর নামাজের সময় রামকান্তুপুর গ্রামের একটি মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের সঙ্গে ১১ দলীয় জোটের নেতা রবিউল তালুকদারের সমর্থকদের তর্কাতর্কি ও কথা-কাটাকাটি হয়। নামাজ শেষে উভয়পক্ষের সমর্থকরা মসজিদের সামনে জড়ো হন। একপর্যায় রবিউল তালুকদারের সমর্থকরা বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালান। এসময় বিএনপি সমর্থকদের অন্তত ছয়টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় বক্তব্য নেওয়ার জন্য কুদ্দুস তালুকদার ও রবিউল তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

1 thought on “ফরিদপুরে ভোট নিয়ে তর্কে বিএনপি সমর্থকদের ওপর হামলা, আহত ১২”

Leave a Reply to Motaleb Sarker Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top