প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন আইজিপি


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি প্রথম আলোর ভবনে যান। এ সময় আইজিপি ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। তবে পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্ন করা হলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। এরই ধারাবাহিকতায় কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদ ওসমান হাদির মরদেহ শুক্রবার সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

2 thoughts on “প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন আইজিপি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top