গোপালগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালকের নাম সুফিয়ান চৌধুরী (২০)।
স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় সুফিয়ানকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ী আনিসুর রহমান। পরে তিনি চিৎকার করে আরও লোকজন জড়ো করে মারাত্মক আহত অবস্থায় সুফিয়ান চৌধুরীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালে আসার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুফিয়ান চৌধুরী গোপালগঞ্জ জেলার পাশের জেলা বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার শিংগাতী গ্রামের শুকুর চৌধুরীর ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালাতেন।
নিহতের আপন বড় ভাই বুলবুল চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হন সুফিয়ান। কিন্তু রাত হলেও বাসায় ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করি। প্রথমে ভেবেছিলাম হয়তো ইজিবাইকের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে তার আসতে দেরি হচ্ছে। কিন্তু সময় আরও বেশি অতিবাহিত হওয়ার পরে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। এরপর থেকেই আমরা পরিচিত সব জায়গায় খোঁজখবর নেওয়া শুরু করি।
তিনি আরও বলেন, পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি। ভাইকে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী জানান, স্থানীয় কয়েক জন সুফিয়ান চৌধুরী নামে এক যুবককে মহাসড়ক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও থানায় লিখিত অভিযোগ হয়নি। বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





মানুষ মানুষের জন্য কিন্তু