গাইবান্ধায় গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া এলাকার মৃত দানেশ উদ্দিনের ছেলে ময়নুল ইসলাম (৫০) এবং একই এলাকার মৃত লাল মিয়ার (লালু চোর) ছেলে লেবু মিয়া ভন্ডুল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা থেকে নাসিমা বেগম নামে এক নারী তার স্বামীসহ পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর এলাকায় এসে বাস থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পালসার মোটরসাইকেলে থাকা তিন সদস্যের একটি ছিনতাইকারী দল তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ওই নারীর পরনের স্বর্ণালংকার ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ভুক্তভোগীদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করেন। পালানোর সময় ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খোদ্দ মোজাহিদপুর এলাকার একটি পুকুরে পড়ে যায়। এ সময় একজন ছিনতাইকারী পালিয়ে গেলেও অপর দুইজনকে স্থানীয়রা আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ওই দুই ছিনতাইকারী নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব মুঠোফোনে জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top