কুমিল্লা সীমান্তে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হলেও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাগবেড় এলাকায় কয়েকটি বস্তা ও কার্টন সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্ধারকৃত পণ্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, বিশেষ অভিযান ও তথ্যভিত্তিক কার্যক্রমের মাধ্যমে চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

1 thought on “কুমিল্লা সীমান্তে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top