কর্ণফুলীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত, অভিযুক্ত পলাতক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকায় স্বামীর ছুরিকাঘাতে ছানোয়ারা বেগম (৪২) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। 

অভিযোগ রয়েছে, ছুরিকাঘাতের পর তাকে একটি নির্জন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যান তার স্বামী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত ছানোয়ারা বেগম উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি স্থানীয় ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করতেন এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত আছেন। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) বাড়ি ফরিদপুর জেলায়। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অভিযুক্ত স্বামীকে আটক করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top