কক্সবাজারে চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর নড়ে চড়ে বসেছে কক্সবাজারের প্রশাসন। মিয়ানমার সংলগ্ন সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী পৃথক অভিযানে চারদিনে হয়েছে ১৫ লাখ ৩০ হাজার ইয়াবা। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এছাড়া অভিযানে এক নারীসহ গ্রেপ্তার হয়েছেন ৩ জন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পরিচালিত অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে সীমান্ত পিলার-৩৬ সংলগ্ন এলাকাতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা। 

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঢাকা পোস্টকে বলেন, ঘুমধুম এবং বাইশফাঁড়ী বিওপির টহলদল অভিযান দুটি পরিচালনা করে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গত ১৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে, এসময় মাদক কারবারিদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় ২৯ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ইয়াবাগুলো টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং বিওপির পৃথক অভিযানে উদ্ধার হয়। উখিয়া ব্যাটালিয়নের কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় ইয়াবা চালান উদ্ধারের ঘটনা।

অন্যদিকে, নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে রামু থানা পুলিশ। এছাড়া ৭০ হাজার ইয়াবাসহ রামুর এক নারীকে বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মাদক কারবারিদের দমনে পুলিশ বদ্ধ পরিকর, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত ১৭ ফেব্রুয়ারি সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সালাহউদ্দিন আহমদ। একই দিন বিকেলে মন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন এবং পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

দায়িত্ব নিয়ে তিনি সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে সীমান্ত দিয়ে যেন মাদক-অস্ত্র চোরাচালান রোধ করা হয় সে ব্যাপারে সজাগ থাকার কঠোর নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top