শপথ গ্রহণের পর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ–১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন কাজ, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।
সভায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম যেন স্বচ্ছতা ও দ্রুততার সাথে বাস্তবায়ন হয়, সে বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ভালুকাকে একটি পরিকল্পিত ও আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার মানোন্নয়নে উপজেলা প্রশাসন ও সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভায় সভাপতিত্ব সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম, বিরুনিয়া ইউপি চেয়ারম্যান শামছুল হোসাইনসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।




