আ’লীগ কার্যালয়ে আগুন, বিক্ষোভের পর গ্রেফতার ২

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে শহরের প্রধান সড়কে প্রকাশ্যে বিক্ষোভ মিছিলের দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ।পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা ও আওয়ামী লীগ কর্মী শেখ রাজু।পরিদর্শক সঞ্জয় কুমার সাহা জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শনিবার রাতে পাবনা শহরের চক ছাতিয়ানি এলাকার নিজ বাড়ি থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা আলামিন মালিথা ও গোবিন্দা এলাকার নিজ বাড়ি থেকে শেখ রাজু নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে।
দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ বেশকিছু নেতাকর্মী ১৮ মাস ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা টানান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত ভিডিও প্রকাশ পায়। এরপর শনিবার দুপুরে কিছু অজ্ঞাত ব্যক্তি ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। এ ঘটনার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনঃস্থাপনের পর সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রতিবাদে আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতা ও কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকে। এরপর শনিবার রাতে আলামিন মালিথা ও শেখ রাজু নামের দুজনকে আটক করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top