আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার বিষয়ে যা জানালেন সেই বিএনপি নেতা

পঞ্চগড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে দেওয়ার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার রাতে জেলা শহরের মিডিয়া হাউসে আয়োজিত তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটি গোডাউন ঘরকে কেন্দ্র করে তাকে বিতর্কিত করতে এ ধরনের ভিডিও ছড়ানো হয়েছে।’

তিনি  বলেন, ‘আমার পাশে দাঁড়িয়ে কে কী বক্তব্য দিয়েছেন, তা আমি জানি না।’ ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে উল্লেখ করে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান।

শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় বিএনপি নেতা আবু দাউদ প্রধান খুলে দিয়েছেন—এমন উল্লেখ করে তার পাশে দাঁড়িয়ে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, ‘সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান প্রথমে যে কাজটি করেছেন, তা হলো বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত করেছেন।’

আওয়ামী লীগ নেতার ওই ভিডিও বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে বিভিন্নভাবে মন্তব্যের ঝড় ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top