প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের  রিমান্ডে

মামলার পরদিন বিভিন্ন এলাকা থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় ৮ আসামির দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. নাইম ইসলাম (২৫), মো. সাইদুর রহমান (২৫), আবুল কাশেম (৩৩), মো. প্রান্ত সিকদার (২১), মো. রাজু আহম্মেদ (৩৩), মো. সাগর ইসলাম (৩৭), মো. জাহাঙ্গীর (২৮) ও মো. হাসান (২২)।

প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আবদুল হান্নান গত ২৩ ডিসেম্বর ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে ২৮ ডিসেম্বর এই মামলার তদন্তের দায়িত্ব পান গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ত্রিদীপ বড়ুয়া।
হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ২১ ডিসেম্বর রাতে ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ বিশেষ ক্ষমতা আইনে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন প্রথম আলোর প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. সাজ্জাদুল কবির।
মামলার পরদিন ১৫ জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়।
এই ১৫ জনের মধ্যে ৮ জনের গত ২৩ ডিসেম্বর ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আবদুল হান্নান।
আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন ৫ জানুয়ারি ধার্য করেন। এরই মাঝে ২৮ ডিসেম্বর মামলার তদন্তভার পায় ডিবি পুলিশ।
তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান এসআই ত্রিদীপ বড়ুয়া। ৫ জানুয়ারির শুনানি পিছিয়ে বুধবার (৭ জানুয়ারি) ধার্য করা হয়। তবে বুধবারও রিমান্ড শুনানি হয়নি, ধার্য করা হয় বৃহস্পতিবার।

এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, তাদের পক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top