তেজগাঁও কার্যালয়ে প্রথম দিন বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

সরকারি কাজে গতিশীলতা আনতে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করার ঘোষণা দিয়েছিলেন আগেই। সেই ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করলেন তারেক রহমান।

শনিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি।

কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে গুলশানের বাসভবন থেকে পতাকাবিহীন সাধারণ গাড়িতে চড়ে অফিসের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। কোনও জাঁকজমকপূর্ণ প্রটোকল ছাড়াই তিনি কার্যালয় চত্বরে প্রবেশ করেন।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হৃদ্যতা

নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে কাছে ডেকে কথা বলেন। দেশের প্রধানমন্ত্রীকে এতটা কাছে পেয়ে ও নাম ধরে ডাকতে দেখে সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

বৃক্ষরোপণ ও মোনাজাত

অফিসে প্রবেশের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাকটিকিট অবমুক্ত

এদিন দাফতরিক কাজের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।

এরপর ১৯ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে জানানো হয়, সরকারি কার্যক্রমের গতি বাড়াতে প্রধানমন্ত্রী এখন থেকে শনিবারেও অফিস করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top