সিলেটের দক্ষিণ সুরমার সীতারামী খাল পুনঃখনন শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য এমএ মালিক। আজ শনিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নে খালটির খনন কাজ শুরু হয়। এতে সহযোগিতা করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি।
এ সময় এম এ মালিক বলেন, নদী দখল ও ভরাটের কারণে বহু এলাকায় কৃষি উৎপাদন ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থার উন্নতি ঘটিয়ে কৃষিবিপ্লব ঘটাতে হবে। এজন্য বাসিয়া ও গিরগিটি নদীসহ সকল খাল উদ্ধার ও পুনঃখনন করতে হবে। এর অংশ হিসেবে সীতারামী খাল পুনঃখনন শুরু হলো। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখনন হলে অন্তত ১০ হাজার মানুষ উপকৃত হবেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল প্রমুখ।




