সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে অভিযানে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত দুজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
দণ্ডিতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের আরজউল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) ও একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)। সাজার পাশাপাশি তাদের এক হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, চরাঞ্চলে আটটি ঘোড়া জবাই করে প্রায় ৪০০ কেজি মাংস বিক্রির জন্য পিকআপভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। পরিবহনের দুজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানের সময় কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার আব্দুল আহাদ, কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।




