রোনালদোকে ছাড়াই আল নাসরের জয়

টানা দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে ক্লাবের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন আরও শক্ত ভীত পেল। তবে তার দল আল নাসর ঠিকই কাঙ্ক্ষিত জয় পেল।

আল-আওয়াল পার্কে শুক্রবার রাতে আল ইত্তিহাদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

শেষ দিকে পেনাল্টি পেয়ে দলকে এগিয়ে নেন সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। আর শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল।

জানুয়ারির দলবদলে প্রতিপক্ষ দলগুলো যেখানে শক্তি বাড়িয়েছে, সেখানে আল নাস্‌রের নিস্ক্রিয় থাকাটাই রোনালদোর অসন্তুষ্টির কারণ বলে সংবাদমাধ্যমের খবর। একই কারণে আগের ম্যাচেও খেলেননি তিনি। আল রিয়াদের বিপক্ষে গত সপ্তাহে ওই ম্যাচেও ১-০ ব্যবধানে জিতেছিল আল নাস্‌র।

রিয়াদ ম্যাচের মতো এদিনও স্কোয়াডেই ছিলেন না পর্তুগিজ তারকা। তাকে ছাড়াই অবশ্য আক্রমণে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরায় আল নাস্‌র। গোলের জন্য তাদের ১৬ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

অন্যদিকে, লিগে টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর, আবার হারল আল ইত্তিহাদ। কারিম বেনজেমা আল হিলালে যোগ দেওয়ার পর, প্রথম মাঠে নেমে আক্রমণে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। গতবারের চ্যাম্পিয়নরা পুরো ম্যাচে কেবল পাঁচটি শট নিতে পারে, যার একটিই লক্ষ্যে ছিল।

লিগে এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল আল নাস্‌র। লিগ টেবিলে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধানও ১ পয়েন্টে নামিয়ে আনল তারা। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্‌র। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। শিরোপা লড়াইয়ে আগেই অনেকটা পিছিয়ে পড়া আল ইত্তিহাদ ৩৪ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top