নারী এশিয়া কাপে হাত মেলায়নি ভারত ও পাকিস্তান

কলম্বোয় অনুষ্ঠিত হতে যাওয়া ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের কয়েক ঘণ্টা আগে ফের উত্তাপ ছড়ালো মেয়েদের এশিয়া কাপে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত ‘এ’ দল। তবে তেরদথাই ক্রিকেট গ্রাউন্ডে বড় জয়ের চেয়েও বেশি আলোচনা হচ্ছে দুই দলের খেলোয়াড়দের হ্যান্ডশেক না করা নিয়ে। বৈরি রাজনৈতিক সম্পর্কের আঁচ মাঠের সৌজন্যেও যে পড়েছে, তার প্রমাণ মিলল আরও একবার।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক হাফসা খালিদ। তবে ভারতীয় বোলারদের তোপে ১৮.৫ ওভারে মাত্র  ৯৩ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০.১ ওভারেই জয় তুলে নেয় ভারত। দীনেশ ভৃন্দার ২৯ বলে ৫৫ রানের এক বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। 

ম্যাচ শুরুর আগে টসের সময় ভারতের অধিনায়ক রাধা যাদব ও পাকিস্তানের অধিনায়ক হাফসা খালিদ একে অপরের সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ শেষেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো প্রথাগত হ্যান্ডশেক দেখা যায়নি।

গত বছরের সেপ্টেম্বর থেকে ভারত-পাকিস্তান যেকোনো পর্যায়ের ক্রিকেট ম্যাচেই এই ‘হ্যান্ডশেক না করার’ সংস্কৃতি দেখা যাচ্ছে। এর আগে পুরুষদের এশিয়া কাপ, ২০২৫ সালের নারী বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও একই দৃশ্য দেখা গিয়েছিল।

আন্তর্জাতিক ম্যাচে আইসিসির আচরণবিধিতে খেলোয়াড়সুলভ আচরণের কথা বলা থাকলেও ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক নয়। এটি মূলত একটি সৌজন্যের প্রতীক। দুই দেশের বর্তমান বৈরিতার মাঝে এই সৌজন্যটুকুও এখন বিলুপ্তির পথে কি না, সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top