ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, আমি শুধু দলের এমপি নই, আমি জনতার এমপি। এমপি হিসেবে আমি শাসক নই, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। সকল দলমত ও জাতিধর্মের মানুষের নিরাপত্তা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখাই আমার প্রধান দায়িত্ব।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াত আমাকে নমিনেশন দিয়েছে শুধু তাদের দলের এমপি নির্বাচিত করার জন্য নয়, আমাকে নমিনেশন দিয়েছে জনতার এমপি হিসেবে কাজ করার জন্য। এমপি বিশেষ কোনো গোষ্ঠীর না, এমপি হলো জাতির। আমি সবার। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করব, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবার সহযোগিতা নিয়ে শরণখোলা-মোরেলগঞ্জকে একটি উন্নত ও নিরাপদ জনপদে পরিণত করব, ইনশাআল্লাহ।
শরণখোলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন শরণখোলা উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, জামায়াত নেতা মাওলানা ওবায়দুল ইসলাম, ছরোয়ার হোসাইন বাদল এবং সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম আকন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক সাবেরা ঝর্না, জাহিদ হোসেন হিমেল প্রমুখ।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম নির্বাচনকালীন ও পরবর্তী সহিংস ঘটনায় আহতদের দেখতে শরণখোলা হাসপাতালে যান। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আহতদের সান্ত্বনা দেন। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে বিএনপি এবং জামায়াতের দায়িত্বশীল নেতাদের প্রতি আহ্বান জানান।


