নামিবিয়াকে বিদায় করে আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে এক ম্যাচ হাতে রেখেই সুপার এইটের দৌড় থেকে বাদ পড়েছে নামিবিয়া। আর এই ম্যাচ জিতে আশা বাঁচিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। যদিও আশাটা খুবই ক্ষীণ। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলে ফেলায় ভারত ও পাকিস্তানের ওপর তাদের সুপার এইট নির্ভর করছে।

ভারত ও পাকিস্তান আজ কলম্বোয় মুখোমুখি হয়েছে। এটিসহ তাদের প্রত্যেকের ম্যাচ বাকি ২টি করে। দুদল একটি করে ম্যাচ জিতলেই যুক্তরাষ্ট্রের আশা শেষ হয়ে যাবে। নেদারল্যান্ডস ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জিতে নেট রানরেট যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো করতে পারলেও তাদের বিদায় নিশ্চিত হবে।

চেন্নাইয়ে আজ নামিবিয়াকে ৩১ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের ১৯৯ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ১৬৮ রান করতে পেরেছে নামিবিয়া। ৩ ম্যাচের মধ্যে একটিও জিততে পারেনি তারা।

যুক্তরাষ্ট্রের আশা বাঁচিয়ে রাখার নায়ক সঞ্জয় কৃষ্ণমূর্তি। তার ৩৩ বলে ৬ ছক্কায় ৬৮ রানের ইনিংসের বদৌলতেই ৪ উইকেটে দুশোর কাছাকাছি পৌঁছায় যুক্তরাষ্ট্রের সংগ্রহ। গুরুত্বপূর্ণ রান তুলেছেন অধিনায়ক মোনাঙ্কও। ৩০ বলে ৩ ছয় ও সমানসংখ্যক চারে ৫২ রান করেছেন এই ওপেনার। বাকিদের মধ্যে মিলিন্দ কুমার ২৮ ও শায়ান জাহাঙ্গীর ২২ ও সাইতেজা মুকামেলা ১৭ রান করেন।

জবাবে ৫৮ রান করেন নামিবিয়া ওপেনার লরেন স্টিনক্যাম্প। অবশ্য বাকিরা যোগ্য সঙ্গ দিতে পারেননি। জেজে স্মিত ৩১, নিকোল লফটি ২৮, ইয়ান ফ্রাইলিঙ্ক ১৯ ও জেন গ্রিন ১৮ রান করেন। যুক্তরাষ্ট্রের হয়ে ৩০ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন এখন পর্যন্ত আসরের সেরা বোলার শ্যাডলে ফন শ্যালকিক। ৪ ম্যাচে তার শিকার ১৩ উইকেট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top