নতুন করে চোটে ফের ছিটকে গেলেন ডেভিস

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে প্রত্যাশিত জয় মিললেও, বড় একটা ধাক্কাও লেগেছে বায়ার্ন মিউনিখ শিবিরে। পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন আলফুঁস ডেভিস।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্ডেসলিগার ম্যাচে আলেকসান্দার পাভলোভিচের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে দুই অর্ধে হ্যারি কেইনের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। শেষ দিকে ফ্রাঙ্কফুর্ট দুটি গোল করে নাটকীয়তা জাগালেও, শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পান ডেভিস। মাঠে তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, ৫০তম মিনিটে তাকে তুলে আরেক ডিফেন্ডার হিরোকি ইতোকে নামান বায়ার্ন কোচ। পরে ক্লাবটির বিবৃতিতে ডেভিসের ডান হ্যামস্ট্রিংয়ের চোটের বিষয়টি নিশ্চিত করা হয়।

হাঁটুর চোটে দীর্ঘদিন বাইরে থাকার পর, গত ডিসেম্বরে মাঠে ফেরেন ডেভিস। তবে আবার হয়তো অনেক দিন বাইরে থাকতে হবে তাকে। বায়ার্নের বিবৃতিতে তার মাঠে ফেরার সম্ভাব্য কোনো সময়ের কথা বলা হয়নি। তবে বায়ার্ন কোচ ভেসোঁ কম্পানির আশা, দুই থেকে চার সপ্তাহের মধ্যে ফিরতে পারবেন ডেভিস।

২৩ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ২৫ বছর বয়সী লেফট-ব্যাক ডেভিস দলের প্রয়োজনে উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। বিশ্বকাপের মৌসুমে দলের এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বারবার চোটে পড়া কানাডার জন্যও বেশ দুর্ভাবনার।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে আসছে ফুটবল বিশ্বকাপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top