বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনায় ‘মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালিত হয়েছে।
দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন, শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। পরে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দূতাবাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দ্বিতীয় পর্বে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়।
এসময় রাষ্ট্রদূত তার বক্তব্যে, বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানান। এছাড়াও রাষ্ট্রদূত, দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশীদের নিজ নিজ অবস্থান থেকে নিরলস কাজ করে যাওয়ার আহবান জানান। এরপর দূতাবাসের উদ্যোগে আয়োজিত চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে বিজয়ীদের মধ্যে সনদপত্র এবং পুরষ্কার প্রদান করা হয়।
শেষে ভাষা শহীদ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও অতিথিদেরকে ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবারের মাধ্যমে ইফতার এবং সান্ধ্য ভোজের আপ্যায়ন করা হয়।




