নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম বলেছেন, একটি গোষ্ঠী দাঁড়িপাল্লা ও হাতপাখাকে এক করে দেখিয়ে হাতপাখার ভোট নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের নির্বাচনী জনসভায় তিনি এই অভিযোগ করেন।
জহিরুল ইসলাম বলেন, আমরা ভোটারদের অনুরোধ করব, তাদের অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকবেন। পাশাপাশি ১২ তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে নতুন জাগরণ সৃষ্টি করবেন।
এ সময় তিনি আরও অভিযোগ করে বলেন, আরেকটি গোষ্ঠী আমাদের নির্বাচনী কার্যক্রমে বাধা দিচ্ছে। নারী কর্মীদের হেনস্তা করছে। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে। আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই, জনগণ এবার সজাগ হয়েছে। তারা সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবে।
ইউনিয়নের বারাহিনগরে উঠান বৈঠকে জহিরুল ইসলাম বলেন, তরুণরা জেগেছে আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। তারা ভবিষ্যতে যাকে পাশে পাবে তাকেই ভোট দেবে। আমি দীর্ঘদিন ধরে তরুণদের প্রশিক্ষণসহ শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছি। তরুণদের হাত ধরেই সংসদে গিয়ে আমার প্রথম পদক্ষেপ হবে নোয়াখালী বিভাগ নিয়ে কাজ করা।
এ সময় উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


