হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন আগুনে দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন শেখ নোমান (৩৫), পিংকি আক্তার (৩২), দম্পতির ছেলে রোহান (৩) ও শেখ নোমানের শ্যালক অপু (২৩)।

রবিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তাদের নিয়ে আসা মো. মামুন জানান, হাজারীবাগে রায়েরবাজার জাহানারা ভিলার ৬ তলার নিচতলায় ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন গেলে যায়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়। পরে তাদের জাতীয় বার্নে নিয়ে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শেখ নোমান নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে রায়েরবাজারে ১৪৭ নং জাহানারা ভিলার ৬তলার নিচতলায় ভাড়া বাসায় থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, হাজারীবাগ রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়ে এসেছেন। শেখ নেমান ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ, ছেলে রোহান ৩৫ শতাংশ দগ্ধ ও তার শ্যালক অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top