স্বাস্থ্যখাত সংস্কারের প্রত্যাশা, ইশতেহার বাস্তবায়নের আহ্বান ড্যাবের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)- বিজয়ের পর স্বাস্থ্যখাতে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির নেতারা বলেছেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, চিকিৎসাসেবার আধুনিকায়ন, গ্রামীণ পর্যায়ে সেবার সম্প্রসারণ এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে।

সংগঠনের পক্ষ থেকে গতকাল দেওয়া এক বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এসব কথা বলেন। তাঁরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে বলেন, দলের পরিকল্পনা অনুযায়ী দুর্নীতিমুক্ত, মানবিক, জবাবদিহিতামূলক ও অধিকারভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ড্যাব অঙ্গীকারবদ্ধ।

ড্যাব নেতারা তাঁদের যৌথ বিবৃতিতে বলেন, এই বিজয় শুধু রাজনৈতিক সাফল্য নয়, এটি জনগণের সরকার প্রতিষ্ঠা ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশার প্রতিফলন। দেশজুড়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে যাঁরা কাজ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তাঁদের ধন্যবাদ জানান তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি এবং গবেষণা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হলে জাতীয় স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

ড্যাবের নেতারা আশা প্রকাশ করেন, ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তাঁদের বিশ্বাস, এই বিজয়ের প্রেরণায় একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে।

1 thought on “স্বাস্থ্যখাত সংস্কারের প্রত্যাশা, ইশতেহার বাস্তবায়নের আহ্বান ড্যাবের”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top